৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে বিটিএস

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পূর্ণাঙ্গ পারফরম্যান্স নিয়ে বিশ্বমঞ্চে ফিরছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড 'বিটিএস'। আগামী ২১ মার্চ সিউলের গওয়াংহওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের প্রথম ফ্রি কামব্যাক কনসার্ট। আর এই কনসার্টের টিকিট ছাড়ার সাথে সাথেই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক নজিরবিহীন উন্মাদনা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটায় টিকিট বুকিং সাইটটি উন্মুক্ত করার কয়েক মিনিটের মধ্যেই তা কার্যত অচল হয়ে পড়ে। জানা গেছে, একযোগে এক লাখেরও বেশি ভক্ত সাইটে লগইন করার চেষ্টা করেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নির্ধারিত ১৫ হাজার টিকিট শেষ হয়ে যায়। অনেক ভক্ত পিসি ক্যাফেতে গিয়ে বা একাধিক ডিভাইসে চেষ্টা করেও টিকিট না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

টিকিটের এই আকাশচুম্বী চাহিদাকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরা। ভুয়া টিকিট বিক্রির পোস্ট ঘিরে সিউল পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছে। নতুন আইন অনুযায়ী, অনুমোদিত দামের চেয়ে অতিরিক্ত দামে টিকিট বিক্রির প্রমাণ পাওয়া গেলে বিক্রেতাকে মূল দামের ৫০ গুণ পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

এই কামব্যাক কনসার্ট ঘিরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রায় ২ লাখ ৬০ হাজার ভক্তের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গওয়াংহওয়ামুন এলাকাকে 'ভার্চুয়াল স্টেডিয়াম' হিসেবে ঘোষণা করেছে পুলিশ। ২৯টি নির্ধারিত প্রবেশপথ দিয়ে জনস্রোত নিয়ন্ত্রণ করা হবে এবং আশপাশের মেট্রো স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

এক ঘণ্টার এই বিশেষ কনসার্টে বিটিএস এর সাত সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক একযোগে মঞ্চ মাতাবেন। এই মঞ্চেই উন্মোচিত হবে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘আরিরাং’। সিউলের এই শো-টি দিয়েই শুরু হবে বিশ্বের ৮২টি শহরে তাদের মেগা ওয়ার্ল্ড ট্যুর।

যারা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য নেটফ্লিক্স ১৯০টি দেশে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ইতোমধ্যে সিউলের হোটেল ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিটিএস এর এই কামব্যাক চলতি বছর বিশ্ব পর্যটন ও বিনোদন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে।

NB/AHA
আরও পড়ুন