‘নানা নাতি’ গান সরিয়ে নেওয়ার নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষে গত ১৬ জুন রাতে ইউটিউবে প্রকাশ পায় আলী হাসান ও মারজুক রাসেলের ‘নানা নাতি’ গানটি। মুক্তির পরই এটি ভাইরাল হয়ে যায়। গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র। তবে এ গানের একটি লাইন ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ নিয়ে গায়কের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন নামের একজন। গায়ককে তিনি আইনি নোটিশ পাঠান। 

এই পরিপ্রেক্ষিতে এবার বিটিআরসিকে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জুলাই) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন।

প্রসঙ্গত, গত ১৯ জুন গানটির জন্য আলী হাসানকে রেজিস্ট্রি ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।

ওই নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও জানানো হয়েছে।