নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেলো হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সেন্সর বাতিল করার সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের এ সিদ্ধান্তে অনিশ্চয়তা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ছুটির দিন শুক্রবার (২২ মে) মুক্তি পায় চিত্রনায়িকা মৌসুমীর অভিনীত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটি সারা দেশে ১৬টি প্রেক্ষাগৃহে চলছে।
অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এক সিদ্ধান্তে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির সেন্সর বাতিল করে। সিনেমাটি নিয়ে আপত্তি তোলেন চিত্রনায়িকা মৌসুমীও।
দুই অভিনেত্রীরই দাবি, এ প্রজেক্টে তারা নাটক হিসেবে কাজ করেছিলেন। তাদের না জানিয়েই কাজটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রক্রিয়া শুরু করেছেন নির্মাতা যা প্রতারণা ও চুক্তির শর্তের সম্পূর্ণ লঙ্ঘন।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা সিয়াম মৃধা ও চিত্রনায়ক ওমর সানিও গুরুতর অভিযোগ করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করে।
প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি আটকে গেলে আইনি পথে হাঁটেন নির্মাতা। আদালতে রিট আবেদন করেন। বৃহস্পতিবার (২১ মে) এ রিটের প্রাথমিক শুনানি হয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের করা সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন।
আদালতের এ আদেশে প্রেক্ষাগৃহ সহ যেকোনো মাধ্যমেই সিনেমাটি প্রদর্শনের আর আইনি বাধা নেই। তাই হাইকোর্টের রুলসহ এ আদেশের পরের দিনই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, বিচারকের অনুমতিক্রমে আজ থেকে সারাদেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। অল্প সময়ের মধ্যে যেসব হল মালিক সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। সেই গল্প নিয়ে হাসান জাহাঙ্গীর তৈরি করেছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন হাসান জাহাঙ্গীর, জেবা জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।
যেসব প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ দেখা যাবে- সৈনিক ক্লাব (বনানী), বিজিবি সিনেমা হল (পিলখানা), আজাদ (সদরঘাট), গীত (পুরান ঢাকা), চাঁদ মহল (কাচপুর), সাবা সোহানা (টঙ্গী), চলন্তিকা (আড়াইহাজার), কে ই সিনেপ্লেক্স (কুমিল্লা), রাজ (কিশোরগঞ্জ), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজিয়া (নাগরপুর), মাধবী (মধুপুর), আলোছায়া (শরীয়তপুর), মধুছন্দা (মধুখালী) ও সোনালী (টেকেরহাট)।