ঢাকা আসছেন পাকিস্তানি গায়ক 

পাকিস্তানের গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর জানিয়েছেন গায়ক নিজেই।

এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন। সোমবার (২০ জানুয়ারি) রাতে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।

ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে, আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর। তাহসান খান, লেভেল ফাইভসহ কয়েকটি ব্যান্ড দল পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে বলে শোনা যাচ্ছে।

একটি স্বল্প সময়ের ভিডিও আপলোড করে মুস্তফা জানান, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।
 
মুস্তফা জাহিদ আরও বলেন, আমি শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। শিগগিরই দেখা হবে, ইনশাল্লাহ।
 
মুস্তফা জাহিদ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’ সিনেমার কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।