বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেয়েই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করেছেন এই গায়ক।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নোবেল বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে যে আমি হালকা ‘পাগলা পাগলা’ আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে, আবারও হতে পারে।
এর আগে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ স্টুডিওতে আটকে রেখে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দিলে আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অন্য অভিযুক্তরা হলেন— নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা। ভুক্তভোগীর অভিযোগ ছিল, নোবেল তাকে বিয়ের আশ্বাস দিয়ে আটকে রেখে হেনস্তা করেছেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের জন্ম দিয়ে ক্ষমা চেয়েছিলেন নোবেল। তবে এবারের মন্তব্য তার পূর্বের কর্মকাণ্ডের পুনরাবৃত্তিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
যে শর্তে জামিন পেলেন নোবেল
ছাড়া পেয়েই চতুর্থ স্ত্রীকে বাইকে ঘোরালেন নোবেল
