দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

মেগাসিটি ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শীতকালীন শুষ্ক আবহাওয়ায় দূষণের মাত্রা বেড়ে আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর (IQAir) তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ২২৬। বায়ুমানের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। 

এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৯৭, যা নির্দেশ করে যে একদিনের ব্যবধানে ঢাকার বাতাসে দূষণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বৈশ্বিক তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর ৪৯২ (ঝুঁকিপূর্ণ)। তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০০। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর (১৮৪), পাকিস্তানের লাহোর (১৮৩) ও করাচি (১৭৯)।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। সাধারণ মানুষকেও বাইরের কার্যক্রম সীমিত রাখার কথা বলা হয়েছে। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

ঢাকার বাতাসের মান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর থাকার ফলে নাগরিকদের মধ্যে শ্বাসকষ্টসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।