সারাদেশে একযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর এই দিনে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নির্বাচনের দিন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই; বরং আবহাওয়া শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে ভোটারদের জন্য গুমোট গরম বা প্রবল শীতের ভয় নেই বলে মনে করা হচ্ছে।
১৩ ফেব্রুয়ারি শুক্রবারও আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করতে পারে। এদিনও ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ শীতের আমেজ কাটিয়ে তাপমাত্রা কিছুটা উষ্ণ হওয়ার দিকে ধাবিত হবে।