রোদ ঝলমলে থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে এবং দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে তা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রার তারতম্য দেখা গেছে। আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে (৮.৪ ডিগ্রি সেলসিয়াস) এবং রংপুরে (৯.৪ ডিগ্রি সেলসিয়াস)। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য প্রধান শহরের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন ১০.৮, খুলনায় ১০.২, বরিশালে ১২.০ এবং ময়মনসিংহে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

FJ
আরও পড়ুন