১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 

শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর উল্লিখিত জেলাগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। বিশেষ করে ছোট লঞ্চ ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ আংশিক মেঘলা রয়েছে। দুপুরের দিকে কালবৈশাখীর দাপট বাড়ার সম্ভাবনা থাকায় ঘর থেকে বের হওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার ও ছাতা সাথে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।