রাজধানী ঢাকা ও দেশের আরও ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কবার্তায় বজ্রবৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে- ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।