রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় দুপুরের মধ্যেই দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্যাদি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তি অনুযায়ী— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বইতে পারে।
একই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় উল্লেখিত জেলাসমূহের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর