দেশের ১৪টি জেলার ওপর দিয়ে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
কোন কোন জেলায় ঝড়ের আশঙ্কা?
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
নদীবন্দরে সতর্কসঙ্কেত
আবহাওয়ার এই পরিস্থিতিতে উল্লিখিত ১৪টি জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।