দেশের অধিকাংশ নদ-নদীর পানি স্থিতিশীল বা কমলেও বন্যাপ্রবণ সুরমা নদীর পানি বাড়ছে। আগামী এক দিন এ নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (৬ সেপ্টেম্বর) পাউবো জানায়, আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী দুই দিন উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলসহ উজান এলাকায় মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য নদ-নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এদিকে গঙ্গার পানি সমতল বেড়েছে, আর পদ্মার পানি রয়েছে স্থিতিশীল। আগামী পাঁচ দিনে গঙ্গা ও পদ্মার পানি আরও বাড়তে পারে। তবে এ সময় দুই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী এক দিন এ দুই নদীর পানি কমতে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার পানি কমেছে এবং আগামী তিন দিন তা স্থিতিশীল থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় সুরমার পানি বেড়েছে। অন্যদিকে কুশিয়ারার পানি কমেছে। পূর্বাভাস অনুযায়ী, সুরমার পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। কুশিয়ারার পানি আগামী দুই দিন কমে পরে এক দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।