মানুষের অস্তিত্ব, প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনকে আরও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, খাদ্য, পরিবেশ ও মানুষের জীবনধারণের সঙ্গে জীববিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক শর্ত খাদ্য, আর খাদ্যসংস্থান সরাসরি উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর ওপর নির্ভরশীল। মাছ, মাংস ও উদ্ভিদজাত খাদ্য মানুষের পুষ্টি ও জীবনধারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রাণী ও উদ্ভিদকূলের সুরক্ষা নিশ্চিত করা মানে মানুষের খাদ্য ও জীবনব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা।
তিনি বলেন, নদী, হাওর, বন, পাহাড়, জলাভূমি ও সুন্দরবনসহ বাংলাদেশের বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র অসংখ্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। এই সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় প্রাণী ও উদ্ভিদকূলের সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।
নূরুল ইসলাম মনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার সঙ্গে মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয়টি সরাসরি জড়িত। এসব মৌলিক চাহিদা পূরণের মাধ্যমেই মানুষের জীবনে গণতন্ত্রের সুফল পৌঁছানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন বৈজ্ঞানিক উদ্ভাবন এবং টেকসই গবেষণার মাধ্যমে তরুণরা দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে দেশের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, মো. আমির হোসাইন চৌধুরী, ড. মো. খালেদ কানাক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন গবেষক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
দুপুরের মধ্যে ৩ জেলায় বজ্রবৃষ্টির আভাস
৮ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির আভাস, বাড়বে গরম
যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ