দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ শুক্রবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে সারা দেশের জন্য দেওয়া আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।