মৌলভীবাজারে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীটিকে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।

শনিবার (৭ অক্টোবর) রাত ৯টায় উপজেলার পতনউষার গ্রামের শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না জানান, সন্ধ্যায় শিক্ষক আমিনুলের ঘরে গন্ধগোকুলটি ঢুকে পড়লে বাড়ির লোকজন মাছ ধরার জাল দিয়ে সেটিকে ধরে ফেলে। খবর পেয়ে মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানালে বন্য প্রাণীর একটি টিম প্রাণিটিকে উদ্ধার করে এবং রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

তিনি জানান, এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খায়। তবে কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।

মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রাণীটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।