বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ আরও ঘনীভূত হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার বিভাগে অতিভারি বৃষ্টিসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৩ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শক্তি সঞ্চয় করে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির ফলে এসব অঞ্চলের নিচু এলাকায় সাময়িকভাবে পানি জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। অতিভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শুক্রবার ও শনিবার (১৫-১৬ মে): এই দুই দিনও দেশের উত্তরাঞ্চল এবং সিলেটে ভারি বর্ষণের একই ধারা বজায় থাকতে পারে।
রোববার (১৭ মে): বৃষ্টিপাত সারাদেশে কিছুটা কমে আসলেও ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে।
আগামী ৫ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা স্থানে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাতে যে ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
আগামী পাঁচদিন যেমন থাকবে আবহাওয়া
৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস