বাংলাদেশে সম্প্রতি শনাক্ত হওয়া একটি রহস্যজনক রোগের কারণ হিসেবে নিপাহ ভাইরাস নয়, বরং বাদুড়বাহিত নতুন একটি ভাইরাসকে দায়ী বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে, এই রোগটির নাম ‘প্টেরোপাইন অরথোরিওভাইরাস’ (PRV), যা মানুষের স্নায়ুতন্ত্র ও শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচজন রোগী এসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের সবার মধ্যেই জ্বর, বমি, তীব্র মাথাব্যথা, ক্লান্তি এবং স্নায়বিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে আক্রান্তরা সবাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। নিপাহ ভাইরাসের মতো এই ভাইরাসটিও বাদুড়ের লালা বা মলমূত্রের মাধ্যমে খেজুরের রসে মিশে যায়।
প্রাথমিক পর্যায়ে চিকিৎসকরা একে নিপাহ ভাইরাস মনে করলেও ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায়, কারও শরীরেই নিপাহ ভাইরাসের অস্তিত্ব নেই। আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও চলাফেরার সমস্যা দেখা দেয়। পরবর্তীতে ২০২৪ সালে আক্রান্তদের একজনের মৃত্যু হয়।
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, প্টেরোপাইন অরথোরিওভাইরাস বা পিআরভি ভবিষ্যতে জিনগত পরিবর্তনের মাধ্যমে আরও বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এটি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হওয়ার আশঙ্কা রয়েছে।
ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে জনগণকে খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান করা থেকে পুরোপুরি বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কোনো সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং রোগতত্ত্বীয় নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা।