হামের প্রকোপে দেশে একদিনে ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, মৃত ৯ শিশুর মধ্যে ৩ জন ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও ৮৭ শিশুর শরীরে হাম ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

শিশুদের মধ্যে হঠাৎ হামের এই বিস্তার ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় অভিভাবক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও টিকাদান কর্মসূচি জোরদারের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের জ্বর বা শরীরে রেশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।