হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে।এ সময়ে সারাদেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়। আর হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। মোট হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু।

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩, সিলেটে ১ ও ময়মনিসংহে ১ শিশু মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৮৪ শিশুর। হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। সুস্থ হয়ে ৩৭ হাজার ৭৪৪ শিশু বাড়ি ফিরেছে।