দেশজুড়ে হামে (Measles) আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু করা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে অধিদপ্তর থেকে পাঁচ দফার বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম এবং সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড বা কেবিনের ব্যবস্থা করতে হবে। কোনো রোগী আক্রান্ত অবস্থায় এলে তাকে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে ভর্তি এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ সপ্তাহের প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড নিশ্চিত করতে হবে।
সংক্রমণের ঝুঁকি এড়াতে রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশে কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া, হাসপাতালে ভর্তি হওয়া হাম রোগীদের প্রতিদিনের তথ্য এমআইএস (MIS) সার্ভারে নিয়মিত আপলোড করার জন্য কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই আইসোলেশন ব্যবস্থা কার্যকর হলে হাসপাতাল থেকে অন্যদের মধ্যে এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার হার অনেকাংশে কমে আসবে।