দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, বাকি ৯ জনের মৃত্যু হামের উপসর্গে হয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এটি ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব।
এর ফলে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে ৮৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে, আর ৪৬৭ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, দুইজন ময়মনসিংহ বিভাগের এবং বাকি তিনজন রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ জন শিশু, যার মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন ভর্তি হয়েছে।
অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৮১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৭২ দিনে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭৭২ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ৫২ হাজার ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৪৮ হাজার ৮০০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।