দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৬ জন শিশু। নতুন করে ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে।
এদিকে একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৫৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। চিকিৎসা শেষে এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৫০ জন রোগী।
মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগজনক। অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। সব মিলিয়ে চলমান প্রাদুর্ভাবের মধ্যে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানের আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের শিশুদের হাম প্রতিরোধী টিকা গ্রহণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।