হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে কোনোভাবেই থামছে না হাম ও এর উপসর্গের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ৭ জন মারা গেছে উপসর্গ নিয়ে। এ নিয়ে ভাইরাসজনিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। রোববার (৭জুন) সকাল ৮টা থেকে সোমবার (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। অন্যদিকে, হামের মতো উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন শিশু। গত ২৪ ঘণ্টার মৃত্যুর পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে ১ জন করে শিশু প্রাণ হারিয়েছে।

মৃত্যুর পাশাপাশি বাড়ছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে। একই সময়ে আরও ১ হাজার ৯২ জন শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। শিশুদের মধ্যে এই সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী হার প্রতিরোধে দ্রুত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।