টিকা-ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন

জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই), যক্ষ্মা নিয়ন্ত্রণ এবং এইচআইভি/এইডস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টিকা ও ওষুধ ক্রয়ে ৪৬৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২০ টাকার চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ২০২৫-২৬ অর্থবছরের বাকি ৫০ শতাংশ রুটিন ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে জাপান, ডেনমার্ক, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৪১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে মোট ৭৭ লাখ ৯৫ হাজার ৬৩৬ ভায়াল ভ্যাকসিন সংগ্রহ করা হবে। এর আগে একই অর্থবছরের প্রথম ৫০ শতাংশ ভ্যাকসিনও ইউনিসেফের মাধ্যমে ক্রয় করা হয়েছিল।

পাশাপাশি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রেনেটা পিএলসির কাছ থেকে অতিরিক্ত ১৫ কোটি ৫১ লাখ টাকার অ্যান্টি-টিবি ওষুধ এবং ইউএনওপিএস-এর কাছ থেকে ৩১ কোটি ৬৯ লাখ টাকার জরুরি জিনএক্সপার্ট কার্ট্রিজ ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ ছাড়া এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য সংকট এড়াতে এস এস সাইন্টিফিক কর্পোরেশনের কাছ থেকে অতিরিক্ত ৩ কোটি ৫২ লাখ টাকার অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।