ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন চিকিৎসাধীন রোগীরা। তবে চিকিৎসাধীন অনেকের শারীরিক অবস্থা বিবেচনায় এখনই হাসপাতাল ছাড়তে চাইছেন না স্বজনদের কেউ কেউ।
শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ১৭৬ জন রোগী চলে গেছেন বলে জানিয়েছেন আদ দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে যখন লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়, তখন ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। ‘বর্তমানে প্রায় ২৫০ জনের মতো রোগী ভর্তি আছেন। বাকিরা বিভিন্ন সময় চলে গেছে।’
রোগীর স্বজন সেলিনা বেগম বলেন, ‘আমার ছোট বাচ্চা হাসপাতালে ভর্তি রয়েছে। তার শরীরের অবস্থা ভালো নয়। এখন কীভাবে অন্য হাসপাতালে তাকে ভর্তি করাব? সরকার এখন হাসপাতাল বন্ধ করে দিলেও আমি হাসপাতাল ছাড়তে চাই না।’
আদ দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানিয়েছেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রোববারের মধ্যে আমরা আপিল সম্পন্ন করব।’