দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশু মারা গেছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং অন্যজন সিলেটে। এ নিয়ে চলতি মৌসুমে প্রায় সাড়ে তিন মাসে হাম ও এর উপসর্গে মোট ৭১৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামেই মৃত্যু হয়েছে ৯৩ জনের।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের আজকের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮০ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১৪ শিশু হামে এবং ৮৬৬ শিশু হামের উপসর্গে আক্রান্ত। একই সময়ে দেশে নতুন করে ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭৮১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ১১ হাজার ৯৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ৮৪ হাজার ৬২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮০ হাজার ৯৭৪ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।