দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগে। একই সময়ে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে এবং বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
উল্লেখ্য, এর আগে ২৯ জুন, সোমবার একদিনেই ডেঙ্গুতে ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ছিল। সর্বশেষ পরিসংখ্যানও ইঙ্গিত দিচ্ছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজন রয়েছে।