চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এই পরিস্থিতি মোকাবিলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা রেখেছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা বৃদ্ধির একটি আশঙ্কা থাকে। তবে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে আমরা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। দেশের তৃণমূল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে থানা, উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় ‘এনএসওয়ান (NS1) পরীক্ষার কিট’ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে বিশেষায়িত হাসপাতাল ও ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। যদি হঠাৎ করে রোগীর সংখ্যা অনেক বেড়েও যায়, তবে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে সেসব প্রস্তুতকৃত ইউনিট চালু করা হবে।
চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিরোধ ব্যবস্থা। তাই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় মসজিদের ইমামসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।