হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭১

দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ১০৪ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৭ হাজার ৯১৯ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।