হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৫ জনে পৌঁছেছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৫৫৫ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

ক্রমাগত নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন।