হামে মৃত্যু বাড়ছেই, হাজারের কাছাকাছি প্রাণহানি

দেশে হাম ও হামের মতো উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অসুস্থতায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১৭ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৯১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯১ জনের।

এদিকে গত এক দিনে ৮৪৩ জনকে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে চলতি বছরে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।