দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ২৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫২৪ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১৩১ জন, সিলেটে ১৫০ জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। তাঁদের মধ্যে ২০ হাজার ১২৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।