ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২২৫ জনে দাঁড়ালো। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন ও বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।