দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া আটজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে।
একই সময়ে আরও ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত বা সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, নিশ্চিত হাম আক্রান্তের পাশাপাশি উপসর্গযুক্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এর মধ্যে গত একদিনেই নতুন করে এক হাজারের বেশি মানুষের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।