হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৯৪ জন। আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ১০৫ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (ধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে দুজন, চট্টগ্রামে একজন ও ঢাকায় একজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৪ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১০ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৮৮০ জনের।