বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ, অর্ধেকের বেশি জানেন না

নীরবে বাড়ছে ডায়াবেটিস। অনেকের শরীরে বছরের পর বছর রোগটি বাসা বাঁধলেও তাঁরা বুঝতে পারেন না। যখন অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা কিংবা চোখে ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দেয়, তত দিনে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সময়মতো পরীক্ষা, রোগ শনাক্ত এবং চিকিৎসা শুরু করা।

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে আগাম পদক্ষেপ’ (Early action on diabetes)। রোগটি দ্রুত শনাক্ত করা, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)।

বাংলাদেশে ডায়াবেটিসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) তথ্য অনুযায়ী, দেশে আনুমানিক ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের বড় একটি অংশ এখনো রোগটি সম্পর্কে জানেন না।

১৩ নভেম্বর ঢাকায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাডাসের নেতারা জানান, সংগঠনটির কাছে নিবন্ধিত রোগীর সংখ্যা ৭২ লাখ ৩১ হাজার। তবে বিপুলসংখ্যক মানুষ রক্তে শর্করা পরীক্ষা না করানোয় রোগ শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন।

আইডিএফের ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাসের হিসাবেও বাংলাদেশে ২০২৪ সালে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম।

ডায়াবেটিস এখন বিশ্বের অন্যতম দ্রুত বিস্তারমান জনস্বাস্থ্য সমস্যা। আইডিএফের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। অর্থাৎ প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের একজনের ডায়াবেটিস রয়েছে।

এর মধ্যে প্রায় ২৫ কোটি ২০ লাখ মানুষ জানেনই না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের প্রায় ৮১ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বসবাস করেন। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৫ কোটি ছাড়িয়ে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, ১৯৯০ সালে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি। ২০২২ সালে তা বেড়ে ৮৩ কোটিতে পৌঁছায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে রোগটির বিস্তার দ্রুত বাড়ছে।

ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়। ইনসুলিন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটি হরমোন, যা রক্তের গ্লুকোজ বা শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইনসুলিনের ঘাটতি বা কার্যকারিতা কমে গেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন তা নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখ, স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে।

ডায়াবেটিসের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো এবং পায়ের ক্ষত থেকে অঙ্গচ্ছেদের মতো জটিলতা দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২৩ সালে ডায়াবেটিস সরাসরি প্রায় ২০ লাখ মানুষের মৃত্যুর কারণ ছিল। একই বছরে ডায়াবেটিসজনিত কিডনি রোগে আরও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হয়।