সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায়ি ডেঙ্গু নিয়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়াও উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে।