ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন (সরকারি হাসপাতালে ২৪০ ও বেসরকারি হাসপাতালে ৮৮ জন) ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন। প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৬০৯ জন রোগী। অন্যদিকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন রোগী।