ডেঙ্গুতে মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ১৪৩১

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩১ জন। এরমধ্যে ঢাকা সিটির ৩৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন। মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৫১৭ জন।