ভেবে চিন্তে কিনুন বিয়ের উপহার

শীত মানেই বিয়ের মৌসুম। পুরো শীতকালটা জুড়েই বিয়ের ধুম যেমন লেগে থাকবে তেমনি বিয়ের দাওয়াত খেতে খেতে ক্লান্ত হয়ে পড়বেন আপনিও। বন্ধু, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, কলিগ পরিচিত কতো মানুষের বিয়ের নিমন্ত্রণে যেতে হয় এ সময়।  আপনি না চাইলেও অনেক সময় সামাজিকতার খাতিরেও অনেক বিয়েতে উপস্থিত হতে হয়।
কিন্তু আমাদের সমাজে বিয়ের নিমন্ত্রণের সঙ্গে জড়িয়ে আছে বিয়ের উপহারের বিষয়টি।

The Wedding Gift

নবদম্পতিকে শুভেচ্ছা বা আশীর্বাদ জানানোর জন্য উপহার দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার উপায় নেই। তাই সাধ ও সাধ্যের সমন্বয় করে আপনজনের বিয়েতে ভালো একটা উপহার দেওয়ার চেষ্টা আমরা সবাই করে থাকি। তবে বাজেটের মধ্যে ভালো কিছু কী দেয়া যায়, সে দুর্ভাবনাটা খুব ভোগায় এ সময়।

একটা সময় ছিল যখন বিয়েতে সোনার গহনা, শাড়ি, কাঠের ফার্নিচার, কাঁসার তৈজসপত্র ইত্যাদি দেওয়ার প্রচলন বেশি ছিল। নগদ অর্থও দিতেন অনেকে। সময়ের সাথে মিলিয়ে বদলেছে উপহারের রকমফের। খুব কাছের কারো বিয়েতে আজকাল অনেকে নগদ টাকাই দিয়ে দেন। তবে সবসময় সেটা সম্ভব হয় না। চলুন দেখি উপহারের জন্য কী নেওয়া যায়।

The Wedding Gift

* কনের জন্য শাড়ি, থ্রি পিস, শাল, বা রূপার গয়না দিতে পারেন। এ ছাড়া পার্টি পার্স, বড় ব্যাগ বা বিশেষ কোনো মেকআপ কিটও দিতে পারেন।

* বরকে দিতে পারেন পাঞ্জাবি বা ভালো ব্র্যান্ডের ফরমাল শার্ট। তবে সেক্ষেত্রে আগে থেকে যার জন্য পোশাকটি কেনা হচ্ছে, তার পোশাকের মাপ, তিনি কী ধরনের পোশাকে স্বচ্ছন্দ এবং কী ধরনের রং পছন্দ করেন তা জেনে নেওয়ার চেষ্টা করুন। 

* যারা বিয়ের পর নিজের নতুন সংসার শুরু করবেন তাদের জন্য গৃহস্থালি পণ্য বেশ কাজে দিবে। এর মধ্যে দিতে পারেন, ওয়াটার ফিল্টার, ননস্টিক হাঁড়ি-পাতিলের সেট, হটপট, ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, টোস্টার, রাইস কুকার,  ইস্ত্রি কিংবা বিছানার চাদর, কুশন কভার, কম্বল, ফুল দানি, কার্পেট, ডিনার সেট ইত্যাদি। 

* ঘর সাজানোর সামগ্রী যেমন পেইন্টিং, টেবিল লাম্প, ফটো ফ্রেম, কফি মগ সেট, ছুরি-কাঁটা-চামচের সেট এইগুলো ভীষণ দরকারি ও মানানসই উপহার হতে পারে নতুন দম্পতিদের জন্য। এছাড়া আয়না, ল্যাম্পশেড, মোমদানি, নানা রকম মোম, ফুলদানি আর শোপিসও ভালো উপহার হতে পারে।

* আজকাল সিরামিকের মগে শুভেচ্ছাবাণী লিখিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। চাইলে পছন্দসই ছবি ছাপিয়ে নেওয়া যায় মগের গায়ে। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবি দৃশ্যমান হবে, এমন মগও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। অনলাইনেও এসব মগের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে।

* অফিস কলিগ বা বন্ধু হলে অন্য সব বন্ধু ও অফিস কলিগরা মিলে একটু বড়সড় উপহারও দিতে পারেন। এলইডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এমনকি ছোটখাটো কোনো আসবাবও হতে পারে অন্যরকম একটা উপহার। বিশেষ কোনো বইয়ের সেট বা বুকশেলফও দেওয়া যেতে পারে।

* বেশ কয়েকজন মিলে উপহার দেওয়ার ক্ষেত্রে নবদম্পতির জন্য  মধুচন্দ্রিমার টিকিট সঙ্গে ছোট একটা হানিমুন ট্রিপও স্পন্সর করতে পারেন। এটা মনে রাখার মতো দারুণ একটা উপহার হতে পারে। তবে এক্ষেত্রে সারপ্রাইজ না দিয়ে নবদম্পতির সঙ্গে আলাপ করে ঠিক করাই ভালো।

The Wedding Gift

সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করে বিয়ের উপহার কিনুন। নব দম্পত্তির কাজে লাগবে এমন প্রয়োজনীয় সামগ্রী কিনতে চাইলে যেতে পারেন- দোয়েল চত্বর, নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, গুলশান ডিএনসিসি মার্কেট, আড়ংসহ বিভিন্ন হ্যান্ডিক্র্যাফটের শোরুমগুলোতে ঘুরে আসতে পারেন।