মশা তাড়ানোর ঘরোয়া উপায়

সারা বছর মশা-মাছির উপদ্রব লেগেই থাকে। সেই অনুযায়ী বেড়ে যায় রোগ-ব্যাধিও। ফলে মশা তাড়ানোর জন্য ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে- নানা রকম উপায় গ্রহণ করতে হয় আমাদের। তবে দীর্ঘক্ষণ বদ্ধ ঘরে কয়েল জ্বালানো বা অন্যান্য উপায় অবলম্বন করা স্বাস্থ্যকর নয়। বাড়িতে শিশু, বয়স্ক বা অসুস্থ কেউ থাকলে মারাত্নক ক্ষতি হতে পারে তারও। মশার যন্ত্রণা থেকে বাঁচতে চলুন জেনে নেই কিছু ঘরোয়া উপায়।

Mosquitoes

কর্পূর
মশার জন্য ধুপ সারা দিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন তার পাশে বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা হলেও কাজ দেবে।

গাছপালা
মশা পছন্দ করে না এমন পরিবেশ তৈরি করেও মশা তাড়াতে পারেন। গাঁদা, লেমনগ্রাস এবং তুলসির ইনডোর প্ল্যান্টস হিসেবে বাড়িতে রেখে মশা তাড়ানোর জন্য কাজে লাগাতে পারেন।

লেবু ও লবঙ্গ
মশা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে সহজ এবং সত্যিকারের ঘরোয়া প্রতিকার হলো লবঙ্গের সাথে লেবু মেশানো। লেবু অর্ধেক করে কেটে তার ওপর লবঙ্গগুলো গেঁথে ঘরের এককোণে রাখুন। কয়েকটি রসুনের কোয়া এবং লবঙ্গ থেঁতো করে একটি পাত্রে রস সংরক্ষণ করতে পারেন। মশা দূর করতে জানালার চারপাশে এই রস তরল স্প্রে করতে পারেন।

পিপারমেন্ট অয়েল
অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। তবে এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন মশার কামড় থেকে বাঁচতে। তবে সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।

লেমন ইউক্যালিপটাস
মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার সিডিসি এটিকে মশার তাড়ানোর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়ালন অয়েল লাগালে অনেক ক্ষণ মশা দূরে থাকবে।

Mosquitoes

ফ্যান চালান
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে অনেকে সাধারণত ফ্যান চালান না। কিন্তু ঘরে জোরে ফ্যান চালিয়ে রাখলেও গায়ে খুব একটা মশা বসার সুযোগ পায় না। ফ্যানের জোর হাওয়ায় মশা খুব একটা উড়তে পারে না।

পানি জমতে দেবেন না
বাড়ির আশেপাশে পানি জমে থাকলে বাড়িতে মশাও বেশি হবে। ছাদের কোণে বৃষ্টির পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন। বাথরুমে পানি ধরে রাখতে হলে অবশ্যই ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করুন। বাগান, বারান্দা বা ছাদে কোনও খালি গাছের টব থাকলে সেগুলি উল্টে রাখুন। ময়লা ফেলার ঢাকনাসহ বিন ব্যবহার করুন।