চোখ শুধু দৃষ্টিশক্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি শরীরের নানা স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত দিতে পারে। যেমন, চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে তা জন্ডিসের লক্ষণ হতে পারে। আবার অতিরিক্ত ক্লান্তি, অবসাদ বা মানসিক চাপের প্রভাবও চোখে ফুটে ওঠে। তবে অনেকেই জানেন না, চোখের পরিবর্তন মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চোখ ও মস্তিষ্কের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সংযোগ। চোখের পেছনের আলোক-সংবেদনশীল স্তর রেটিনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। ফলে রেটিনায় দেখা দেওয়া কিছু পরিবর্তন অনেক সময় মস্তিষ্কের বিভিন্ন সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। এ কারণে চোখ পরীক্ষা করে চিকিৎসকেরা কখনও কখনও স্নায়বিক রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সক্ষম হন।
স্নায়বিক রোগে চোখে যেসব লক্ষণ দেখা দিতে পারে
বিশেষজ্ঞরা জানান, হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া, এক জিনিসকে দুটি দেখা (ডাবল ভিশন), চোখ নাড়াতে অসুবিধা বা দৃষ্টিক্ষেত্রে ব্লাইন্ড স্পট তৈরি হওয়া স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস কিংবা অপটিক স্নায়ুর প্রদাহের মতো রোগের লক্ষণ হতে পারে। এছাড়া অপটিক স্নায়ু ফুলে গেলে তা মাথার খুলির ভেতরে চাপ বেড়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারে, যা জরুরি চিকিৎসার দাবি রাখে।
গবেষণায় যা উঠে এসেছে
'ফটোডায়াগনোসিস অ্যান্ড ফটোডাইনামিক থেরাপি' জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, রেটিনার কিছু পরিবর্তনের সঙ্গে আলঝেইমার ও পারকিনসন রোগের সম্পর্ক থাকতে পারে। তবে শুধু চোখের এই পরিবর্তনের ভিত্তিতে কোনো রোগ নিশ্চিত করা যায় না। রোগ নির্ণয়ের জন্য রোগীর অন্যান্য উপসর্গ, চিকিৎসা-ইতিহাস, স্নায়বিক পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষার ফলও বিবেচনা করা হয়।
কেন নিয়মিত চোখ পরীক্ষা জরুরি
চিকিৎসকদের মতে, নিয়মিত চোখ পরীক্ষা শুধু দৃষ্টিশক্তি রক্ষার জন্য নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে চোখের পরীক্ষার মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তনালীর অস্বাভাবিকতা এবং মস্তিষ্ক-সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্ত করা সম্ভব। তাই সুস্থ থাকতে নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।