শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটার বিকল্প নেই। তবে একবারে দীর্ঘ সময় হাঁটার চেয়ে দিনের বিভিন্ন সময়ে কয়েক মিনিট করে হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বেশি উপকার পাওয়া যেতে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ওবেসিটি সাময়িকীতে।
গবেষণায় দেখা গেছে, একই পরিমাণ সময় হাঁটার পরও যাঁরা দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে হাঁটেন, তাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রণের কিছু সূচকে একটানা হাঁটায় অভ্যস্ত ব্যক্তিদের তুলনায় বেশি উন্নতি হয়েছে।
তবে গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মাত্র ৩০ জন। ফলে এ ফলাফল সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে কি না, তা নিশ্চিত হতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। বিশেষ করে যাঁরা দিনের বেশির ভাগ সময় বসে কাটান, তাঁদের দৈনন্দিন রুটিনে হাঁটার সময় ও বিরতি কীভাবে রাখা উচিত, তা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে।
গবেষণাটি এবং এর ফলাফল নিয়ে সিএনএনের স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ডা. লিয়ানা ওয়েনের সঙ্গে কথা বলেছেন সংবাদমাধ্যমটির এক প্রতিবেদক। তিনি একজন জরুরি চিকিৎসক এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক। এর আগে তিনি বাল্টিমোরের স্বাস্থ্য কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গবেষণায় যা পাওয়া গেছে
ডা. ওয়েন জানান, গবেষণায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৩০ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের প্রত্যেকের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল অথবা স্থূলতা ছিল। তাঁরা প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা বসে কাটাতেন এবং তাঁদের জীবনযাপন ছিল বেশির ভাগই নিষ্ক্রিয়।
অংশগ্রহণকারীদের দৈবচয়নের ভিত্তিতে দুটি দলে ভাগ করা হয়। উভয় দলকে ছয় সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন ৪৫ মিনিট করে দ্রুত হাঁটার নির্দেশ দেওয়া হয়। প্রথম দল একটানা ৪৫ মিনিট হাঁটেন। দ্বিতীয় দল দিনের বিভিন্ন সময়ে প্রতি ঘণ্টায় প্রায় পাঁচ মিনিট করে হাঁটার বিরতি নেন।
অংশগ্রহণকারীদের স্বাভাবিক খাবারের অভ্যাস বজায় রাখতে এবং ইচ্ছাকৃতভাবে ওজন কমানোর চেষ্টা না করতে বলা হয়েছিল।
গবেষকেরা পরীক্ষাগারভিত্তিক পরীক্ষা এবং সার্বক্ষণিক গ্লুকোজ পর্যবেক্ষণ যন্ত্রের সাহায্যে অংশগ্রহণকারীদের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করেন। এতে দেখা যায়, যাঁরা প্রতি ঘণ্টায় হাঁটার বিরতি নিয়েছেন, তাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রণের কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে বেশি উন্নতি হয়েছে।
উদাহরণ হিসেবে, এই দলের অংশগ্রহণকারীদের রক্তে গ্লুকোজের মাত্রা গবেষণায় নির্ধারিত প্রতি ডেসিলিটারে ৭০ থেকে ১৪০ মিলিগ্রামের লক্ষ্যমাত্রার মধ্যে থাকার সময় বেড়েছে। একই সঙ্গে তাঁদের রক্তে শর্করার ওঠানামা কমেছে। পরীক্ষাগারে করা আরেকটি পরীক্ষায় দেখা গেছে, তাঁদের শরীর রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ সরিয়ে নিতে তুলনামূলকভাবে ভালো সক্ষমতা দেখিয়েছে।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা কম, তাঁদের বয়স তুলনামূলকভাবে কম এবং গবেষণার সময়কাল ছিল মাত্র ছয় সপ্তাহ। দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাই হৃদ্রোগ, ডায়াবেটিস বা অন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ফলাফল সরাসরি প্রয়োগ করা যাবে না।
এ ছাড়া এমন কোনো নিয়ন্ত্রণ দল ছিল না, যারা আগের মতোই দীর্ঘ সময় বসে থেকেছেন এবং বাড়তি হাঁটাহাঁটি করেননি। রক্তে শর্করা পর্যবেক্ষণের সময় অংশগ্রহণকারীদের খাবারের সময় ও খাবারের ধরনও নিয়ন্ত্রণ করা হয়নি। অথচ এসব বিষয় রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রক্তে শর্করা নিয়ন্ত্রণের এই উন্নতি ভবিষ্যতে ডায়াবেটিস বা অন্য দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি কমায় কি না, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নিশ্চিত হতে আরও বড় পরিসরে এবং দীর্ঘ সময় ধরে গবেষণা প্রয়োজন।
অল্প সময়ের হাঁটায় কেন উপকার হতে পারে?
ডা. ওয়েন বলেন, গবেষকেরা কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানিয়েছেন। এর একটি হলো, পেশি কীভাবে গ্লুকোজ ব্যবহার করে। কেউ দীর্ঘ সময় বসে থাকলে তাঁর পেশিগুলো তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে। কিন্তু উঠে হাঁটলে পেশি সক্রিয় হয় এবং রক্ত চলাচল বাড়ে। এতে রক্তের গ্লুকোজ পেশির কোষে পৌঁছাতে সুবিধা হয়।
দিনের বিভিন্ন সময়ে হাঁটার বিরতি নিলে পেশিগুলো বারবার সক্রিয় হয়। ফলে শরীর নিয়মিত বিরতিতে গ্লুকোজ ব্যবহার করতে পারে এবং রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে।
আরেকটি সম্ভাব্য কারণ হলো, হাঁটার বিরতি শরীরের চর্বি বা ফ্যাট টিস্যুর ইনসুলিনের প্রতি প্রতিক্রিয়া এবং পুষ্টি প্রক্রিয়াকরণে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া পেশির বারবার সক্রিয়তা যকৃৎ থেকে রক্তে গ্লুকোজ নিঃসরণের প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। তবে ঠিক কোন প্রক্রিয়ায় এই উন্নতি ঘটে, তা এখনো নিশ্চিত নয়।
ডায়াবেটিস না থাকলেও রক্তে শর্করা নিয়ন্ত্রণ জরুরি কেন?
ডা. ওয়েনের মতে, খাবার খাওয়ার পর স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বাড়ে। খাবারের কার্বোহাইড্রেট হজম হয়ে গ্লুকোজে পরিণত হলে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এই হরমোন শরীরের কোষগুলোকে গ্লুকোজ গ্রহণে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনে।
কিন্তু শরীরের কোষ ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়লে কিংবা অগ্ন্যাশয় প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিন তৈরি করতে না পারলে সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে প্রি-ডায়াবেটিস ও টাইপ-২ ডায়াবেটিস হতে পারে।
দীর্ঘ সময় রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে হৃদ্রোগ, কিডনির রোগ, দৃষ্টিশক্তি হারানোসহ নানা জটিলতার ঝুঁকি বাড়ে।
গবেষণায় গ্লুকোজের ওঠানামা বা ‘গ্লুকোজ ভেরিয়েবিলিটি’ও বিবেচনা করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে রক্তে শর্করার মাত্রা কতটা পরিবর্তিত হয়, তা দিয়ে এটি বোঝানো হয়। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে রক্তে শর্করার বেশি ওঠানামার সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে।
দীর্ঘ সময়ের ব্যায়াম কি বাদ দেওয়া উচিত?
ডা. ওয়েন বলেন, এই গবেষণার ফলাফলের ভিত্তিতে একটানা দীর্ঘ সময়ের ব্যায়াম বাদ দেওয়ার পরামর্শ তিনি দেবেন না। কারণ গবেষণায় শুধু একই পরিমাণ দ্রুত হাঁটার দুটি ভিন্ন পদ্ধতির সঙ্গে রক্তে শর্করা নিয়ন্ত্রণের কিছু সূচকের তুলনা করা হয়েছে। হৃদ্যন্ত্রের সহনশীলতা, পেশির শক্তি কিংবা দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে কোন পদ্ধতি বেশি কার্যকর, তা এখানে পরীক্ষা করা হয়নি।
নিয়মিত অ্যারোবিক ব্যায়াম হৃদ্যন্ত্রের স্বাস্থ্য, রক্তচাপ, শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতার জন্য উপকারী। পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়াম পেশির ভর ধরে রাখতে এবং শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।
তাঁর পরামর্শ, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে শরীর সচল রাখা জরুরি। কেউ সকালে জিমে গিয়ে ব্যায়াম করলেও এরপর টানা আট ঘণ্টা ডেস্কে বসে থাকলে মাঝেমধ্যে উঠে হাঁটলে উপকার পেতে পারেন। অর্থাৎ দৈনিক নির্ধারিত ব্যায়াম এবং দিনের মধ্যে ছোট ছোট হাঁটার বিরতি—দুটিই গুরুত্বপূর্ণ।
কতক্ষণ পরপর হাঁটার বিরতি নেওয়া উচিত?
গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতি ঘণ্টায় প্রায় পাঁচ মিনিট দ্রুত হাঁটার নির্দেশ দেওয়া হয়েছিল। যাঁদের কাজের কারণে দীর্ঘ সময় বসে থাকতে হয়, তাঁদের জন্য এটি অনুসরণযোগ্য একটি পদ্ধতি হতে পারে। প্রতি ঘণ্টায় হাঁটার কথা মনে করিয়ে দিতে মোবাইল বা কম্পিউটারে অ্যালার্ম দেওয়া যেতে পারে। অফিস বা বাড়ির ভেতরে কিছুক্ষণ হাঁটা কিংবা বৈঠকের ফাঁকে বাইরে একটু ঘুরে আসাও কাজে লাগতে পারে।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্দেশনায় বলা হয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি বা যাঁদের এ রোগের ঝুঁকি রয়েছে, তাঁদের অন্তত প্রতি ৩০ মিনিট পরপর দীর্ঘক্ষণ বসে থাকার বিরতি দেওয়া উচিত। এ সময় হাঁটা বা অন্য কোনো শারীরিক কর্মকাণ্ড করা যেতে পারে।
তবে কতক্ষণ পরপর এবং কত মিনিট হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, তা এখনো নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি। নিজের কাজের সময়সূচি ও সক্ষমতার সঙ্গে মানানসই অভ্যাস গড়ে তোলাই গুরুত্বপূর্ণ।
ব্যায়াম শুরু করতে চান যাঁরা
যাঁরা দীর্ঘদিন শারীরিকভাবে সক্রিয় নন, তাঁদের ছোট ও সহজ লক্ষ্য দিয়ে শুরু করার পরামর্শ দিয়েছেন ডা. ওয়েন। শুরুতে প্রতিবার খাবারের পর পাঁচ মিনিট হাঁটা যেতে পারে। পরে ধীরে ধীরে হাঁটার সময় বা গতি বাড়ানো যেতে পারে।
দৈনন্দিন কাজের মধ্যেও হাঁটার সুযোগ তৈরি করা সম্ভব। কাছাকাছি কোথাও যেতে গাড়ির বদলে হেঁটে যাওয়া, গাড়ি কিছুটা দূরে পার্ক করা কিংবা লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা যেতে পারে।
যাঁদের চলাফেরায় সীমাবদ্ধতা রয়েছে, তাঁরা বসে ব্যায়াম, পানিতে শরীরচর্চা কিংবা নিজেদের সক্ষমতা অনুযায়ী অন্য কোনো শারীরিক কর্মকাণ্ড করতে পারেন। তবে দীর্ঘস্থায়ী রোগ বা চলাফেরার সীমাবদ্ধতা থাকলে ব্যায়ামের পরিকল্পনা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।
ডা. ওয়েনের মতে, সবচেয়ে কার্যকর ব্যায়ামের রুটিন সেটিই, যা একজন মানুষ নিয়মিত চালিয়ে যেতে পারেন। তাই ধীরে ধীরে শারীরিক কর্মকাণ্ড বাড়ানোর পাশাপাশি দিনের দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস ভাঙতে ছোট ছোট বিরতিতে হাঁটাও জরুরি।
সূত্র: সিএনএন