বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রকাশিত হয়েছে নতুন বই ‘৩১ দফা বাস্তবায়ন পদক্ষেপ’: রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। বইটি লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. মুজাহিদুল ইসলাম লাবীন।
সম্প্রতি রাজধানীর একটি প্রকাশনী থেকে বইটি বাজারে আনা হয়েছে। লেখক বইটিতে ৩১ দফার প্রতিটি বিষয়ের ওপর ভিত্তি করে সময়ভিত্তিক তথ্য-উপাত্ত এবং বিভিন্ন পরিস্থিতির আলোকে বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন।
প্রকাশক সূত্র জানায়, দেশের বিদ্যমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের বিএনপির ৩১টি দফা ঘোষণা করা হয়েছিল, সাধারণ মানুষের কাছে তার প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতি সহজবোধ্য করতেই এই উদ্যোগ। লেখক পেশায় চিকিৎসক হলেও তাঁর প্রশাসনিক ও একাডেমিক অভিজ্ঞতা বইটির বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে। বইটিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রশাসক ও গবেষকদের জন্য দিক-নির্দেশনা রয়েছে বলে জানানো হয়।