চলে গেলেন জনপ্রিয় ব্রিটিশ লেখক জেফরি আর্চার

জনপ্রিয় ব্রিটিশ ঔপন্যাসিক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গত সোমবার নিজ বাসভবনে লেখালেখির সময় প্রথিতযশা এই লেখক মারা যান বলে নিশ্চিত করেছে তার প্রকাশক প্রতিষ্ঠান হারপারকলিন্স।

পাঁচ দশকের দীর্ঘ সাহিত্যিক জীবনে তার ৩০ কোটিরও বেশি বই সারা বিশ্বে বিক্রি হয়েছে।

‘কেইন অ্যান্ড অ্যাবেল’ এবং ‘ক্লিফটন ক্রনিকলস’ এর মতো বিশ্বজোড়া সাড়া জাগানো উপন্যাসগুলোর সুবাদে তিনি পাঠকদের হৃদয়ে অমর হয়ে আছেন।

রাজনৈতিক জীবনে কনজারভেটিভ পার্টির এই সাবেক সংসদ সদস্য নানা চড়াই-উতরাই পার করেছেন।

২০০১ সালে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চার বছরের কারাদণ্ড পেলেও তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন।

কারাগার থেকে মুক্ত হয়ে তিনি পুনরায় হাউস অব লর্ডসে যোগ দেন এবং ২০২৪ সাল পর্যন্ত সক্রিয় দায়িত্ব পালন করেন।

মৃত্যুর আগমুহূর্তেও লেখালেখি চালিয়ে গেছেন এই বর্ষীয়ান কথাসাহিত্যিক।

তার শেষ উপন্যাস ‘অ্যাডাম অ্যান্ড ইভ’ চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে।

শনিবার চেলটেনহ্যাম ফেস্টিভ্যালে নতুন বই নিয়ে তার আলোচনা করার কথা থাকলেও তা আর হলো না।

জীবনের শেষপ্রান্তে এসেও স্ত্রী মেরির সঙ্গে তিনি উদযাপন করেছিলেন তাদের ৬০তম বিবাহবার্ষিকী।

তার প্রয়াণে সাহিত্যঙ্গনে এক গভীর ও অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

সূত্র: বিবিসি নিউজ