দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) বিএনপির এই ঐতিহাসিক বিজয়ের জন্য দলের নেতা, কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন ও দূরদর্শী নেতৃত্বের এক অনন্য প্রতিফলন। দেশের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।’
এসজেএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।
বার্তায় আরও বলা হয়, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বৃদ্ধিতে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে।