কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের ৮ সাংবাদিক

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের ৮ জন বিশিষ্ট সাংবাদিক।

​আগামী ৯ থেকে ১২ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026)।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—"সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা" (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ও মাল্টিমিডিয়া প্রধান এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকালের স্পেশাল করেসপন্ডেন্ট মোঃ জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মোঃ আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার এক্সিকিউটিভ এডিটর পান্না জামান এবং চ্যানেল-এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম।

বাংলাদেশ চ্যাপ্টারের এই ৭ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান।

ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম (SJF)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।

চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্বজুড়ে নতুন দিগন্ত উন্মোচন করা।

YA
আরও পড়ুন