রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর চলমান তদন্তের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাসপাতালের ভেতরে প্রবেশ করতে গিয়ে সাংবাদিকরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ওই হাসপাতালে অভিযান চালায়। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে তীব্র আলোচনার মধ্যে এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা তাদের বাধা দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা। তারা জানান, হাসপাতালের কর্মীরা অত্যন্ত মারমুখী ভঙ্গিতে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং বিভিন্ন ধরনের কটূক্তিমূলক মন্তব্য করেন। পাশাপাশি সিভিল পোশাকে থাকা কিছু কর্মীও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কাম্যও নয়। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যেসব কর্মী অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা কোনোভাবেই প্রতিপক্ষ নন, বরং তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনে ভূমিকা রাখছেন।
এদিকে এর আগে গত বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু ঘটে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে হাসপাতালটির ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা এবং সামগ্রিক অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।