না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল

কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) আক্রান্ত হয়ে মারা গেছেন সিনিয়র সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল।

বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ এই ক্রাইম রিপোর্টার পেশাগত জীবনে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সমকালের অপরাধ বিভাগে দীর্ঘ সময় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিকদের পেশাগত দাবি ও অধিকার আদায়ে তিনি ছিলেন অগ্রগামী। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। প্রয়াণকালে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।

দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি রাজধানীর অলিগলিতে ঘটে যাওয়া নানা ঘটনা-অঘটন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যানুসন্ধানে দিন-রাত ছুটে বেড়িয়েছেন। তার আকস্মিক প্রয়াণে গণমাধ্যম অঙ্গনে, বিশেষ করে অপরাধ বিষয়ক সাংবাদিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।